বিচ্ছেদ হওয়া ব্লু গোল্ড ম্যাকাও পাখি দু’টিকে এক করতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা করা হয়েছে। শুনানির পর আদালত নিম্ন আদালতের আদেশ বাতিল করে নথি তলব করেছে। নতুন করে শুনানির জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ড. আবদুল ওয়াদুদ মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করেন। ওয়াদুদের কৌঁসুলি বরুণ কুমার বিশ্বাস বলেন, উপহারের জিনিস কি কেউ ফেরত চায়? একাকীত্বের কারণে পাখি দু’টি অসুস্থ হয়ে যাচ্ছে। ড. ওয়াদুদ বলেন, আমি পাখি চাই না। পাখির সংসার চাই। যেখানেই থাকুক তারা যেন একত্রে থাকে। এই দুর্লভ জাত ও বংশ রক্ষায় অবদান রাখতে ব্যবস্থা নেয়ার জন্য তিনি আদালতের প্রতি আহবান জানান।
