গোমস্তাপুরে সাবেক এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্বজগত গ্রামে। ঘটনায় জানা গেছে, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বজগত গ্রামের মৃত খোদাবক্স মণ্ডলের পুত্র সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন টগর (৪৫) গত মঙ্গলবার রাতে এনায়েতপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় তাকে প্রথমে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বুধবার সকাল ৬টায় দিকে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। ঘটনার পর গোমস্তাপুর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করে।
