২৭ জানুয়ারি হরতালের ডাক

কক্সবাজার পৌরসভায় শপথ বঞ্চিতদের আল্টিমেটাম শেষ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:১৪
শপথের দাবিতে আন্দোলনরত কক্সবাজার পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামী ২৭ জানুয়ারি শহরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন। কর্মসূচির পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে সোমবার থেকে গণ-সংযোগ কর্মসূচি শুরু করেছেন। এই কর্মসূচির অংশ হিসাবে সোমবার বিভিন্ন ওয়ার্ডের নারীনেত্রীদের সাথে এবং মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য লুত্ফুর রহমান কাজল ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাথে নির্বাচিত জনপ্রতিনিধিরা মতবিনিময় সভায় মিলিত হন। কাউন্সিলর মনজুমন নাহার মনজুর সভাপতিত্বে এবং কাউন্সিলর হুমাইরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, নির্বাচনের ২ বছর পরও নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ না হওয়া গণতন্ত্রের জন্য এক কলংকিত ও লজ্জাজনক অধ্যায় এবং এটা মানবাধিকার লংঘনেরও সামিল। বক্তারা শপথের দাবিতে হরতাল ডাকা গণতান্ত্রিক অধিকার- উল্লেখ করে আরও বলেন, আগামী ২৭ জানুয়ারি পৌরসভার নারীরাই রাস্তায় নেমে হরতাল কর্মসূচি সফল করে তুলবে। বক্তারা আরও বলেন, পৌরবাসীর ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। উল্লেখ্য, কক্সবাজার পৌরসভার নির্বাচিত ও শপথ বঞ্চিত জনপ্রতিনিধিরা গত বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০ জানুয়ারির মধ্যে শপথের আল্টিমেটাম দিয়ে ২৭ জানুয়ারি সকাল-সন্ধ্যা হরতালসহ আন্দোলনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন।