খাদ্যে ভেজাল রোধে কঠোর আইন হচ্ছে

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:২৭
খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্যের মিশ্রণ প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এ সংক্রান্ত যেসব আইন রয়েছে, সেগুলোর সংশ্লি¬ষ্ট বিধিগুলোকে একত্রিত ও যুগোপযোগী করে নিরাপদ খাদ্য আইন নামে নতুন এ আইন প্রণয়ন করা হবে। এ আইন বাস্তবায়নে পৃথক একটি কর্তৃপক্ষ গঠন করা এবং খাদ্যে ভেজাল পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সার্ভিলেন্স ব্যবস্থা জোরদার ও কঠিন শাস্তির বিধান রাখা হচ্ছে। গতকাল মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্যে বিশুদ্ধতা নিশ্চিতকরণে দি পিওর ফুড অর্ডিন্যান্স’ ১৯৫৯ যুগোপযোগীকরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক সভায় সভাপতিত্ব করেন। খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল ও রাসায়নিক সংমিশ্রণ পরিস্থিতি নিয়ে জনগণ উদ্বেগের মধ্যে রয়েছে। বর্তমানে যেসব আইন প্রচলিত রয়েছে, তা দিয়ে জনগণের জন্য নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এছাড়াও বিদ্যমান পিওর ফুড অর্ডিন্যান্স বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট একক কোন সংস্থাকে দায়িত্ব দেয়া হয়নি। তিনি বলেন, ভেজাল খাদ্য ও খাদ্যের সঠিক মান সংক্রান্ত বিষয় নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিএসটিআইসহ বেশ কয়েকটি সংস্থা কাজ করছে। বিচ্ছিন্নভাবে এ কাজ করায় সুফল পাওয়া যাচ্ছে না। সভায় সিদ্ধান্ত হয় যে, আইন বাস্তবায়নের জন্য পৃথক একটি কর্তৃপক্ষ গঠন করা হবে। বর্তমানে যেসব সংস্থা খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছে, সেসব সংস্থার বিদ্যমান জনবলকেও প্রয়োজনে এ সংস্থার অধীনে ন্যস্ত করা হবে। সভায় প্রস্তাবিত সংস্থার সাংগঠনিক কাঠামোর খসড়া নিয়েও আলোচনা হয়। নতুন এ আইনের একটি খসড়া অতিদ্রুত প্রণয়ন করে সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নিয়ে এ কমিটিতে উপস্থাপন করার জন্য সংশি¬্লষ্টদের নির্দেশ দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঁইয়া, স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান, কৃষি সচিব মনজুর হোসেন, বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, মত্স্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জল বিকাশ দত্ত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উল আলম, ভারপ্রাপ্ত খাদ্য সচিব মুশফেকা ইকফাত্, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. এ কে এম আসাদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক নাসের ফরিদ, পরিবশে ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অপরূপ চৌধুরী, ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিয়া, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. খলিলুর রহমান সিদ্দিকী, স্বাস্থ্য মন্ত্রণালয়াধীন জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব (মতামত) আবু আহমেদ জামাদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুঁইয়া, বিএসটিআই’র পরিচালক ড. সৈয়দ হুমায়ূন কবীরসহ কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।