ক্ষতিকর ওষুধ তৈরি বন্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:২৭
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে বাতিলকৃত লাইসেন্সধারী ওষুধ কোম্পানিগুলোর জনস্বাস্থ্যে ক্ষতিকর ওষুধ প্রস্তুত কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। বুধবার কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে - বাতিলকৃত লাইসেন্সধারী যে সকল ওষুধ কোম্পানি হাইকোর্টের রীট নিয়ে পুনরায় ওষুধ প্রস্তুত অব্যাহত রেখেছে তাদেরকে জীবন ও স্বাস্থ্যের জন্য হুমকি হিসাবে চিহ্নিত করা হয়। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের দায়েরকৃত রিট দ্রুত বাতিল করার ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ.ফ.ম রুহুল হক, মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্ল¬াহ,নাজমুল হাসান,মো. মুরাদ হাসান এবং জেড.আই. এম মোস্তফা আলী। বৈঠকের শুরুতে বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন এবং এ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।