ফরিদপুর থেকে ভারতে পাচার দুই স্কুলছাত্রীর একজন উদ্ধার

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:৪৭
চাকরির প্রলোভনে দালালের খপ্পরে পড়ে ভারতে পাচার হওয়া ফরিদপুরের দুই স্কুল ছাত্রীর একজন উদ্ধার হয়েছে। তাকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরিদপুর শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান এলাকার বাসিন্দা দরিদ্র এক রঙ মিস্ত্রির মেয়েটি (১৫) এবং তার খালাতো বোন (১৩) গত ২৯ ডিসেম্বর দুপুরে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। বিষয়টি ওই সময়ে ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। জানা গেছে, তারা দু’জনই ফরিদপুর হালিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তাদের এক মামাতো বোন জানায়, মেয়ে দুটি নিখোঁজ হওয়ার দু’দিন আগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া গ্রামের উসমান হাজীর ছেলে শামীম ভালো চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বেনাপোল পর্যন্ত যাওয়ার পর প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে শামীমের চোখ ফাঁকি দিয়ে একজন সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে আসে। তার ধারণা, শারমিন ও রোকেয়া একই চক্রের খপ্পরে পড়েছে। মৌসুমীর দেয়া তথ্য অনুযায়ী ৯ জানুয়ারি শামীম ও তার বোন মামনিকে আসামি করে অপহরণ মামলা করে উদ্ধারকৃত মেয়েটির পরিবার। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে শামীম ও তার পরিবারের উপর নজর রাখে কাউলিবেড়া এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসী শামীমকে একটি মেয়ে নিয়ে ঘুরতে দেখলে তাকে আটক করে মঙ্গলবার রাতে ফরিদপুর কোতোয়ালী থানায় হস্তান্তর করে।