এই ‘সিলেট রয়্যালস’ দলকে দেখে অনুমান করাই কঠিন যে গত মৌসুমে বিপিএলের পয়েন্ট তালিকার সবচে নিচে ছিল তারা। কোনোরকমে পুরো মৌসুমে একটি জয়ের দেখা পেয়েছিল। সেই দলটিই গতকাল পর্যন্ত নিজেদের তিনটি ম্যাচেই জয় নিয়ে চলতি বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে! এই জয়যাত্রার পথে গতকাল বুধবার খুলনার আবু নাসের স্টেডিয়ামে ‘সিলেট রয়্যালস’ ৬ উইকেটের ব্যবধানে হারালো স্বাগিতক ‘খুলনা রয়েল বেঙ্গল টাইগার্স’কে। এর আগে একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে গতবারের রানার্স আপ ‘বরিশাল বার্নার্স’কে ৭ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল বিপিএলে নবাগত ‘রংপুর রাইডার্স’।
বিপিএলের শুরু থেকে খুলনার অভিযোগ ছিল, তারা পাকিস্তানি খেলোয়াড়দের না পেয়ে দুর্বল হয়ে গেছে। এরপর নানা দেশ থেকে খেলোয়াড় এনে জায়গা পূরণ করলেও খুলনা কিছুতেই নিজেদের খুঁজে পাচ্ছে না। গতকাল তাদের ইংলিশ ব্যাটসম্যান রিকি ওয়েসেলস রান পেলেন। তার ৪৪ বলে ৬৩ রানে ভর করে ৭ উইকেটে ১৪৫ রান তুললো খুলনা। কিন্তু খুলনার এই রানকেও ‘মামুলি’ বানিয়ে ফেললেন সিলেটের দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও পল স্টার্লিং। দুই জনের উদ্বোধনী জুটিতে ৭৮ রান এলো মাত্র ৫.২ ওভারে; ওভারপ্রতি রান ১৪.৬২! মাত্র ১৪ বলে ৩৮ রান করে স্টার্লিং আউট হয়ে যাওয়ার পর সিলেট সামান্য ধাক্কা খেলেও ইনিংসের ২২ বল বাকী থাকতেই জয় পেয়ে যায় তারা।
