পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিভাগের ৪৫ লাখ টাকার টেন্ডারের ফরম দাখিলকে কেন্দ্র করে গত মঙ্গলবার ক্যাম্পাস শাখা ছাত্রলীগের সঙ্গে স্থানীয় ঠিকাদারদের হামলা সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাসের পূর্ব গেটের বাইরে দুমকি বাজারের দোকান ভাংচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সব দোকানপাট বন্ধ রেখে গতকাল বুধবার হরতাল পালন করেছে। ঘটনার সুষুম তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় ছাত্রলীগ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দুটি আপাতত স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে দুমকির ক্ষমতাসীন দলের ঠিকাদারদের মধ্যে হামলা-সংঘর্ষে গত মঙ্গলবার অর্ধশত দোকানে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ছাত্র, ঠিকাদার ও ব্যবসায়ীসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। আহত ব্যবসায়ী কাওসার আহম্মেদের অবস্থা আশংকাজনক। সাপ্তাহিক হাটের দিন হলেও পীরতলা হাটে গতকাল বেচাকেনা হয়নি।
ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতি শান্ত ও ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে গত মঙ্গলবার জরুরি বৈঠক করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুদ্দীন। বৈঠকে পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. আবুল কাশেম চৌধুরীকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে ক্ষয়-ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুদ্দীন গতকাল ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে। দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গুরুতর আহত ব্যবসায়ী কাওসারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উন্নত চিকিত্সা করানো হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিপ্রবির ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দুটি আপাতত স্থগিত করা হয়েছে। তদন্তের পর পুরো বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে দুমকি বণিক সমিতি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও যথাযথ ক্ষতিপূরণের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।
