ভারতের প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি পদে রাজনাথ সিং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২০১৫ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। ৬১ বছর বয়স্ক এই রাজনীতিক আগামী বছর লোকসভা নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন। নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন দলের প্রবীণ নেতা এল কে আদভানী ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির
বিজেপির বিদায়ী সভাপতি নিতিন গড়কড়ি দ্বিতীয়বার এই পদে থাকার পিছনে বাধা হয়ে দাঁড়ান দলের সিনিয়র নেতারাই। কয়েক মাস ধরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যাপক সমালোচিত হয়েছেন। গত মঙ্গলবার তিনি সভাপতি পদে পুনঃনির্বাচন না করার ঘোষণা দেন। তাকে সরিয়ে দিতে যে উদ্যোগ নেয়া হয় তাতে নেতৃত্ব দেন আদভানী। আদভানী বলেন, তাকে দলের শীর্ষ পদে রাখা হলে সবাই মনে করতো বিজেপি দুর্নীতি মেনে নেয়। রাজনাথকে অভিনন্দন জানিয়ে আদভানী বলেন, এটি অন্যদের সঙ্গে আমাদের দলের পার্থক্য, আমরা নৈতিকতার সাথে আপস করি না। তবে রাজনাথ বলেছেন, বিজেপি নিতিন গড়কড়ির সঙ্গে আছে।
