ইতিবাচক রাজনীতি চর্চার অঙ্গীকার রাহুলের

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২২:৩৬
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের নবনির্বাচিত সহ-সভাপতি রাহুল গান্ধী বলেছেন, তিনি ইতিবাচক রাজনীতি চর্চা করতে চান। সংসদ বিষয়ক মন্ত্রী কামাল নাথ বলেছেন, ২০১৪ সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীই কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী। খবর এনডিটিভির। গতকাল বুধবার সহ-সভাপতির দায়িত্ব গ্রহণের আগে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর পুত্র রাহুল বলেন, আমাদের পুরো রাজনৈতিক পরিবেশ তিক্ত। আমি ইতিবাচক রাজনীতি চাই। কারণ ইতিবাচক রাজনীতিই দেশকে এগিয়ে নিয়ে যাবে। অসঙ্গত কারণে কারও সমালোচনা করা থেকে বিরত থাকবেন বলেও জানান রাহুল। গতকাল সন্ধ্যায় নয়াদিল্লির ?আকবর রোডে দলের প্রধান কার্যালয়ে গেলে পুষ্পমাল্য, শাল ও খাদী সুতোয় তৈরি গান্ধীয় মাল্য দিয়ে বরণ করা হয়। রাজনীতিতে তরুণদের আগমন কামনা করে রাহুল বলেন, কংগ্রেস পরিবর্তনে বিশ্বাসী। দেশের স্বার্থে তরুণদের রাজনীতিতে আনতে কংগ্রেস বদ্ধপরিকর। সম্প্রতি জয়পুরের একটি সম্মেলনে তাকে দলের দ্বিতীয় পদটিতে মনোনয়ন দেয়ার পাশাপাশি আগামী বছরের নির্বাচনী প্রচারণার জন্য অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) পক্ষে প্রচারণা কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব দেয়া হয়।