সামরিক বাহিনী শক্তিশালী হোক বিএনপি চায় না

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২২:৩৭
পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্যই রাশিয়ার সঙ্গে অস্ত্র ক্রয় চুক্তি করা হয়েছে। সামরিক বাহিনী শক্তিশালী হোক এটা বিএনপি চায় না। তাই তারা এই বিষয় নিয়ে অন্যরকম কথা বলছে। মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে গড়ে ওঠা স্বাধীন বাংলাদেশের সামরিক বাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক। অথচ বিএনপি ক্ষমতায় থাকতে এই সামরিক বাহিনীকে ক্যু এবং পাল্টা ক্যুর মধ্যে জড়িয়ে বিতর্কিত করার চেষ্টা করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় মগবাজারে একটি বেসরকারি মেরিন একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দক্ষ জনবল গড়ে তোলার বিকল্প নেই। এই গুরুত্ব অনুধাবন করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের মেরিন একাডেমিকে মেরিন বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছেন। মেরিন শিক্ষার প্রতি বর্তমান প্রজন্মের আগ্রহের কথা বিবেচনা করে সরকার বেসরকারি পর্যায়ে মেরিন একাডেমি গড়ে তোলার অনুমতি দিয়েছে। নবপ্রতিষ্ঠিত এ মেরিন একাডেমি থেকে পাস করে ছাত্ররা যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবে সে জন্য শিক্ষা প্রদানে শিক্ষার্থীদের আন্তর্জাতিকমান বজায় রাখার জন্য মন্ত্রী প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।