একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ প্রদানের বিষয়ে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া ন্যুল্যান্ড মঙ্গলবার এক বিবৃতিতে এ সমর্থন জানান। বিবৃতিতে বলা হয়, গত সোমবার ট্রাইব্যুনালে ঘোষিত দোষী সাব্যস্তকরণ ও মৃত্যুদণ্ড ঘোষণার বিষয়টিকে যুক্তরাষ্ট্র সরকার আমলে নিয়েছে। এ ধরনের অপরাধ যারা করে তাদের বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার বিষয়টিকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। তবে আমরা বিশ্বাস করি যে, এ ধরনের যেকোন বিচার প্রক্রিয়া হতে হবে অবশ্যই অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ এবং এই বিচার প্রক্রিয়া সম্পাদিত হতে হবে বেসামরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক মতৈক্যসহ বাংলাদেশ যে সকল আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করেছে সেই সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে।
স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত নৃশংসতার বিচারের জন্য বাংলাদেশ যখন উদ্যোগ নিয়েছে এবং ‘বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত’ কর্তৃক ভবিষ্যতে আরো রায়ের জন্য আমরা যখন অপেক্ষা করছি, সে সময় বাংলাদেশ সরকারের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানায় যে, সরকার এর স্বাক্ষরিত চুক্তির বিধানের আওতাভুক্ত যথাযথ প্রক্রিয়াগত মান বজায় রাখবে এবং আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করবে।
