যুদ্ধাপরাধ বিচারের রায়ে খালেদা জিয়া শোকে পাথর :মতিয়া চৌধুরী

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২২:৩৯
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের প্রথম রায়ে বাচ্চু রাজাকারের ফাঁসি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শোকে পাথর হয়ে গেছেন। শত চেষ্টা করেও তিনি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারেননি। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার ১৪ দলের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে এবং বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশব্যাপী এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যেই এ বর্ধিত সভার আয়োজন করা হয়। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের আত্মাকে আশ্বস্ত করতে চাই—সরকার আইনের মাধ্যমে রাজাকারদের কবর দেয়ার প্রক্রিয়া শুরু করতে সক্ষম হয়েছে। একজনের মাত্র বিচার হয়েছে। পর্যায়ক্রমে সবার বিচার হবে। একজন রাজাকার অবশিষ্ট থাকা পর্যন্ত এ বিচার অব্যাহত থাকবে। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিএনপিই একমাত্র দল যারা যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে অভিনন্দন জানাতে পারেনি। তাদের নীরবতাই জাতির কাছে স্পষ্ট হয়েছে যে, তারা একাত্তরের ঘাতকদের চেয়ে খারাপ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার জনগণের দাবি। এ বিচার বিএনপি মানবে কি মানবে না সেটা জনগণ দেখতে চায় না। মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, সাম্যবাদী দলের আবু হাসেম সাহাবুদ্দিন, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ড. ওয়াজেদুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম প্রমুখ। এর আগে একই স্থানে একই উদ্দেশ্যে ঢাকা মহানগর ১৪ দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এ সভায় সভাপতিত্ব করেন।