যুদ্ধাপরাধ বিচার

রায়ের ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৩১
একাত্তর সালে মুক্তিযুদ্ধকালে যুদ্ধা-পরাধের অপরাধে আবুল কালাম আযাদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় সন্তোষ প্রকাশ করেছে ভারত। ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে প্রতিক্রিয়ায় বলেন, যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। তবে একথাও সত্য যে, একাত্তর সালে বাংলাদেশের জনগণের উপর সংঘটিত নৃশংসতা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সম্পর্কে পুরো বিশ্ব অবগত ও এখনো সবার মনে আছে। তাই আমরা মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে জনগণের মনোভাবের প্রতি পুরোপুরি সহানুভূতিশীল। আমরা মনে করি সংঘটিত অপরাধগুলো অত্যন্ত গুরুতর। আইনী প্রক্রিয়ায় প্রদত্ত এই রায়ের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা কিছুটা হলেও ন্যায়বিচার পেয়েছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।