সুইজারল্যান্ডের ‘দ্য গ্লে¬াবাল জার্নাল’ সাময়িকীর বিচারে বিশ্বের সেরা ১০০ এনজিওর তালিকায় ব্র্যাক প্রথম স্থান লাভ করেছে। প্রভাব, উদ্ভাবন ও স্থায়িত্ব- এ তিন মানদণ্ডের ভিত্তিতে ৪৫০টি এনজিওর মধ্যে ব্র্যাক তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে।
জার্নালটি এ নিয়ে দ্বিতীয়বার এ তালিকা তৈরি করল। ২০১২ সালের তালিকায় ব্র্যাকের অবস্থান ছিল চতুর্থ। এবার অক্সফাম, কেয়ার ও সেভ দ্য চিল্ড্রেনকে পেছনে ফেলে ব্র্যাক শীর্ষস্থান লাভ করেছে।
ব্র্যাক সূত্রে জানা গেছে, এবারের ঘোষণায় বলা হয়, ‘ ব্র্যাকের বিশাল ব্যাপ্তি এবং প্রভাব আমাদের মনে বিস্ময় জাগায়। প্রায় ১৩ কোটি জনগণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ সংস্থার সাথে সম্পৃক্ত রয়েছে। এ সংস্থা ১০ কোটি জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। বর্তমানে তার ১ লাখ ২ হাজার কর্মী রয়েছে। ৫ লাখ ঋণগ্রহীতার কাছে ব্র্যাক প্রায় এক হাজার কোটি ডলার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে।’
এ সংস্থা বর্তমানে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করছে। স্যার ফজলে হাসান আবেদ মুক্তিযুদ্ধের পর ব্র্যাক প্রতিষ্ঠা করেন। বিশ্বের সর্ববৃহত্ এ উন্নয়ন সংস্থাটি বর্তমানে এশিয়া, আফ্রিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশে কর্মকাণ্ড পরিচালনা করছে।
‘দ্য গ্লে¬াবাল জার্নাল’-এর তালিকায় শীর্ষস্থান প্রাপ্তিতে স্যার ফজলে হাসান আবেদ বলেন, ‘এ স্বীকৃতি দরিদ্র জনগণের জীবনমান উন্নয়নে আরও উদ্ভাবনী ও দক্ষতার সঙ্গে কাজ করতে ব্র্যাককে উত্সাহিত করবে। ব্র্যাককর্মীদের কাজের নিষ্ঠা ও আত্মনিবেদনের ফলেই আজকের এ অবস্থানে উন্নীত হওয়া সম্ভব হয়েছে। আমি ব্র্যাক পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানাই।’
