কেরানীগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ০২ মে ২০১৯, ২০:৩২

দক্ষিন কেরানীগঞ্জের পুর্ব আগানগর এলাকায় নিজ প্রতিষ্ঠান থেকে আবুল কাশেম ঢালী (৬৮) নামে এক গার্মেন্ট ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ‘মেসার্স ঢালী গার্মেন্টস’ নামে ওই প্রতিষ্ঠান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মার্কেট ও মার্কেট সমিতির লোকজন প্রতিষ্ঠানের কাটিং মাস্টার অমিতকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক অমিত প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, পূর্ব আগানগরের মান্নান ম্যানশন নামে একটি তৈরি পোশাক মার্কেটের নিচতলায় একটি ও দোতলায় দুটি রুম ভাড়া নিয়ে তৈরি প্যান্টের ব্যবসা করতেন নিহত আবুল কাশেম ঢালী। নিচতলায় শোরুম আর দোতলায় ছিল কারখানা। নিচতলার শোরুমেই তিনি রাতে থাকতেন।

তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন কুড়িগাঁও গ্রামে। পরিবার থাকে গ্রামের বাড়িতেই। তিনি ২ ছেলে ও ২ মেয়ের জনক ছিলেন।

পশ্চিম আগানগর গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী রুবেল জানান, নিহত আবুল কাশেম কাপড় কিনে প্যান্ট তৈরি করে বিক্রি করতেন। এজন্য বেশ কয়েকজন কর্মচারীও ছিল। রাতে কর্মচারীরা যার যার বাসায় চলে গেলেও তিনি শোরুমে ঘুমাতেন। তবে দোতলার কারখানায় প্রতিষ্ঠানের কর্মচারী (কাটিং মাস্টার) অমিত ঘুমাতেন।

তিনি আরও জানান, সকালে সমিতির নেতৃবৃন্দসহ ঘটনাস্থলে এসে নিহতের গলার দুই পাশে আচড় ও চোখে আঘাতের চিহ্ন দেখে আমাদের সন্দেহ হয়। পরে কর্মচারীদের সঙ্গে কথা বলে কাটিং মাস্টার অমিতকে সন্দেহ হয়। তার ঘাড়েও আচড়ের চিহ্ন রয়েছে। এসব কারণে আমরা অমিতকে আটক করে পুলিশে সংবাদ দেই।

নিহতের ভাগ্নে হাসান জানান, কাটিং মাস্টার অমিত ফাঁকিবাজ ছিলেন। তিনি কাজে ফাঁকি দিতেন। তার আচার ব্যবহারও ভালো ছিল না। এসব কারণে মামা প্রায়ই তাকে গালমন্দ করতেন। বুধবারও অমিতকে গালমন্দ করেন মামা। আমাদের ধারণা এর জের ধরে অমিতই মামাকে হত্যা করেছে। 

আরও পড়ুনঃ জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. শাহজামান জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রতিষ্ঠানের কর্মচারী অমিতকে গ্রেফতার করা হয়েছে। ক্ষোভের কারণে সে আবুল কাশেম ঢালীকে শ্বাসরোধে হত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

ইত্তেফাক/নূহু