পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্রের মামলার তদন্তের জন্য পরামর্শক নিয়োগের প্রথম মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক প্রকল্প পরিচালক রফিকুল ইসলামসহ কমিটির অপর তিনজনকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম গতকাল বৃহস্পতিবার একটি নোটিস পাঠিয়েছেন। তাদেরকে আগামী ৩১ জানুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করা হবে। সাবেক প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম ছাড়া প্রথম মূল্যায়ন কমিটির অন্য তিনজন সদস্য হলেন— সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী তরুণ তপন দেওয়ান, বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) সাবেক অতিরিক্ত মহাপরিচালক মকবুল হোসেন। উল্লেখ্য, এসএনসি লাভালিনের কর্মকর্তা ও কানাডিয়ান নাগরিক রমেশ সাহার ডায়েরিতে ঘুষের তালিকায় তত্কালীন প্রকল্প পরিচালক রফিকুল ইসলামর নাম থাকলেও দুদকের আসামির তালিকা থেকে তার নাম বাদ পড়ে।
দুদকের তদন্ত টিম সূত্রে জানা গেছে, নোটিসে অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ ও বাপাউ বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মকবুল হোসেনকে ৩১ জানুয়ারি এবং প্রকৌশলী রফিকুল ইসলাম ও প্রকৌশলী তরুণ তপন দেওয়ানকে আগামী ৩ ফেব্রুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে গত ১৭ ডিসেম্বর সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভুঁইয়াসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
