চাকরি জাতীয়করণের দাবিতে দ্বিতীয়দিনের মত শিক্ষকদের বিক্ষোভ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৩৯
বাড়ি ভাড়া ও চিকিত্সা ভাতা বাড়ানোর ঘোষণা প্রত্যাখ্যান করে চাকরি জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করে সহস্রাধিক শিক্ষক-কর্মচারী বিক্ষোভ শুরু করেন। এর আগে সকাল ৯টা থেকেই তারা ওই স্থানে জড়ো হতে শুরু করায় প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল সকালে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশ তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সরিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু শিক্ষকরা পুলিশি বাধা উপেক্ষা করে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, আন্দোলন যদি করতে হয় প্রেসক্লাবের সামনেই করবো। আমরা কোথাও যাব না। বৃহস্পতিবারের আন্দোলন মুলতবি করে শুক্রবার আবারো আন্দোলন শুরু করার ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে।