রংপুরে জনসভায় ঝন্টু

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে সচিবের দুর্নীতির অভিযোগ তুলে ধরবো

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৪০
আগামী ১০ দিনের মধ্যে শ্যামাসুন্দরী খাল উন্নয়ন প্রকল্পের ফাইল রংপুর সিটি করপোরেশনে ফেরত দেয়া না হলে স্থানীয় সরকার সচিব আবু আলম মোঃ শহিদ খানকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার রংপুর টাউন হল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু এ হুমকি দেন। তিনি বলেন, ‘দুই-এক দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করে সচিবের দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরবো।’ সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ এখনও না হওয়ায় আবারও ক্ষোভ প্রকাশ করেন ঝন্টু। জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাউন্সিলর জহুরুল হক আজাব্বরের সভাপতিত্বে জনসভায় ঝন্টু আরও বলেন, মাটি কাটার নামে শ্যামাসুন্দরী খাল প্রকল্পের পুরো ৫ কোটি টাকাই আত্মসাত করা হয়েছে। খালের অন্যান্য কাজেও হরিলুট করা হয়েছে। তিনি অভিযোগ করেন, রংপুর সিটি করপোরেশনের একটি এনজিওর ১০০ কোটি টাকা আত্মসাত করে সচিব শহিদ খান ও সাবেক মেয়র একেএম আব্দুর রউফ মানিক আমেরিকায় বাড়ি বানিয়েছেন। সাবেক মেয়র সিটি করপোরেশনের প্রতিটি ঠিকাদারের কাছ থেকে ১০ ভাগ উেকাচ নিয়ে তার ৫ ভাগ নিজে নিয়েছেন ও বাকি ৫ ভাগ সচিবকে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্ধকারে রেখেই সচিব অনিয়ম-দুর্নীতি করে যাচ্ছেন। ঝন্টু বলেন, স্থানীয় সরকার সচিব নগরীর একটি সড়কের নাম পরিবর্তন করে তার পিতা ডাঃ সোবহান খানের নামে নামকরণ করেছেন। গতকাল অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর শাহজালাল করিম বকুল, আব্দুল কাদের, রফিকুল ইসলাম দুলাল, মোখলেছুর রহমান তরু, আকরাম হোসেন, তৌহিদুল ইসলাম, আবুল কাশেম, নিজামুল হাসান বাদল, আব্দুর রাজ্জাক, জহুরুল হক, ফজলে এলাহী, জাহাঙ্গীর আলম তোতা, এমএ রাজ্জাক মন্ডল, মহিলা কাউন্সিলর জাফরিন ইসলাম রিপা, হাসনা বানু, জাতীয় পার্টির (এ) নেতা আব্দুল লতিফ খান ওরফে চামরা খান, রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন, আওয়ামী লীগ নেতা জাসেম-বিন-হোসেন জুম্মন প্রমুখ। উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে শরফুদ্দিন আহমেদ ঝন্টু বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। গত ৮ জানুয়ারি নির্বাচনের গেজেট প্রকাশিত হলেও শপথ অনুষ্ঠান ও দায়িত্বভার হস্তান্তরে কোন ব্যবস্থা আজও নেয়া হয়নি।