ইবি ছাত্রলীগ নেতা নিখোঁজ হওয়ায় মহাসড়ক অবরোধ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৪১
ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম গত মঙ্গলবার নিখোঁজ হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সংশিষ্ট সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ নেতাকর্মীরা গতকাল এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধ কর্মসূচিতে পরে তাদের সাথে আইন বিভাগের অর্ধশত শিক্ষার্থী যোগ দেয়। এক সমাবেশের মাধ্যমে অবরোধ কর্মসূচি শেষ হয়। সমাবেশে বক্তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি তাকে না পাওয়া যায় তাহলে রাজপথে কঠোর আন্দোলন চলবে। বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম নিখোঁজ হওয়ায় ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বঙ্গবন্ধু হলের সাংগঠনিক সম্পাদক মো. শিশির ইসলাম বাবু ও নিখোঁজ সাইফুলের বড় ভাই সাদ আলী বলেন, গত মঙ্গলবার রাত হতে তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, নিখোঁজের বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। তাকে উদ্ধারের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।