আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘নির্লজ্জ ও মিথ্যাচারের দল হচ্ছে বিএনপি। এ দল থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের প্রতি এখন সাধারণ জনগণের আর কোন আস্থা নেই। অপরাজনীতির কারণে বিএনপির আজ এ অবস্থা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি তার দলের হাই কমান্ডেরও আর কোন আস্থা নেই।’
বৃহস্পতিবার বিকালে সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি নিযুক্ত করায় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার কেরাণীহাট হক টাওয়ারের সামনে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।
এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের ১৬ কোটি মানুষের নেতা। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। বাংলাদেশ সারা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
আরও পড়ুনঃ কেরানীগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীর লাশ উদ্ধার
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ ড.প্রফেসর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলার চকরিয়া আসনের সাংসদ মুহাম্মদ জাফর আলম, মহিলা সাংসদ বেগম ওয়াসিকা আয়শা খানসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/নূহু
