নাসিরনগরে চেয়ারম্যানের বিরুদ্ধে চৌকিদারের মামলা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৮
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চৌকিদারকে মারধরের অভিযোগে ঘটনার ৭ দিন পর শুক্রবার থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও অভিযোগকারী মো. সাহাজ উদ্দিন জানায়, গত ১৮ জানুয়ারি নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান সরকারি কাজের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে রাস্তার পাশে কে বা কারা কেটে ফেলে রাখা একটি সরকারি আকাশী গাছ তার বাড়িতে পৌঁছে দিতে চাপ সৃষ্টি করলে এতে রাজি না হওয়ায় চেয়ারম্যান তাকে এলোপাতাড়ি লাথি দিয়ে পাঁজরের হাড় ভেঙে আহত করে এবং খুন করে লাশ গুম করার হুমকি দেয়। এ সময় সরকারি পোশাক ছিঁড়ে ফেলে। থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা দায়েরের পর আসামি এলাকা ছেড়েছে। তবে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে এ বিষয়ে গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান জানান, এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা।