যারা নিয়মিত কোলেস্টেরল কমানোর ওষুধ সেবন করেন তাদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। তাই কানাডার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হেলথ কানাডা সমস্ত কোলেস্টেরল কমানোর ওষুধের প্যাকেটে ডায়াবেটিসের ঝুঁকির কথা লিখতে বলেছে। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, যাদের ডায়াবেটিসের ঝুঁকি আছে অথবা যাদের রক্তের সুগার, ট্রাইগ্লিসারাইড বেশি, ওজন আধিক্য বা উচ্চ রক্তচাপ আছে তাদের কোলেস্টেরল কমানোর ওষুধ স্ট্যাটিনস থেকে ডায়াবেটিস হতে পারে। শুধু হেলথ কানাডা নয়, মার্কিন ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিট্রেশন বা ইউএসএফডিএ কোলেস্টেরল কমানোর ওষুধ সেবন সম্পর্কে একই রকম সতর্কবাণী উচ্চারণ করেছে। গবেষণায় স্ট্যাটিনস গ্রুপের তালিকা উল্লেখ করা হয়। এই তালিকায় রয়েছে: এট্রোভসটাটিন, লোভাসটাটিন, রজুভাস্টাটিন, সিসভাস্টাটিন, প্রা-ভাস্টাটিন, ফ্লুভাস্টাটিন ইত্যাদি। তাই কোলেস্টেরল কমানোর ওষুধ সেবন করার প্রয়োজন হলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিতে হবে এবং আপনার রক্তের সুগার, উচ্চ রক্তচাপ ইত্যাদি সমস্যা থাকলে তা অবশ্যই চিকিত্সকের সঙ্গে আলোচনা করা উচিত।
