জাতীয় বিশ্ববিদ্যালয় এবারও কি পরীক্ষার রেজাল্টের জন্য মাসকে মাস অপেক্ষায় রাখবে! প্রতিবারের পরীক্ষার রেজাল্টের মতো এবারও কি তাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না? অনার্স শেষ করার পর ভাবলাম মাস্টার্স মাত্র এক বছরে খুব দ্রুত শেষ হয়ে যাবে। অথচ ২০০৯ সালের মাস্টার্স পরীক্ষা ২০১২ সালে দিলেও এখনো ফলাফলের অপেক্ষায় থাকতে হচ্ছে। আগস্ট ২০১২তে পরীক্ষা দেয়ার পর প্রায় পাঁচ মাস পার হয়ে গেলেও এখনো ফলাফল দেয়ার নাম-গন্ধ নেই। এরই মধ্যে অনেকগুলো চাকরির আবেদন পর্যন্তও করতে পারিনি। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে অনার্স পাস করেও চাকরির জন্য আবেদন করা যায় না। আর কিছুদিন পর হয়তো মাস্টার্স পাস করেও চাকরির জন্য আবেদন করা যাবে না অতিরিক্ত কোনো যোগ্যতা ছাড়া। তাই মাননীয় শিক্ষামন্ত্রী সমীপে বিনীত আবেদন এই যে, জাতীয় বিশ্ববিদ্যালয়কে বেকার তৈরির কারখানা থেকে মুক্ত করে আমাদের মতো ভুক্তভোগীদের মুক্তি দিন। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ এই যে, আমাদের মাস্টার্স-২০০৯ পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করে চাকরিতে আবেদন করার সুযোগ দিন।
মো. মাকছুদুর রহমান, লক্ষ্মীপুর
