বিএনপি নির্বাচনে না এলে ফের ওয়ান ইলেভেন!

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
বিএনপি নির্বাচনে না এলে দেশে আবারো ওয়ান-ইলভেনের মতো পরিস্থিতির আশঙ্কা করছেন জাতীয় পার্টির (এ) চেয়ার-ম্যান এইচ এম এরশাদ। আর প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জানুয়ারিতে নির্বাচন হলেও তখন নির্বাচিত সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবে সেটা নিয়েও সংশয় আছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল শনিবার রাজধানীর বনানী বিদ্যানিকেতনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এরশাদ। প্রতিষ্ঠানের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে এরশাদ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, বিএনপি চাইছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হোক। আর আওয়ামী লীগ তা চাইছে না। এমন পরস্থিতিতে বিএনপি নির্বাচনে না এলে হয়তো নির্বাচন হবে। কিন্তু সেই নির্বাচনে নির্বাচিত সরকার কত দিন ক্ষমতায় থাকতে পারবে তা নিয়ে সংশয় থেকেই যাবে। দুই দলের এমন অবস্থানের কারণে ওয়ান-ইলেভেনের মতো পরস্থিতি হতে পারে কিনা— এমন প্রশ্নের জবাবে এরশাদ বলনে, হ্যাঁ, হতে পারে। ওয়ান- ইলেভেনের সরকারকে জাতীয় পার্টি সমর্থন দেবে কিনা, এমন প্রশ্নে জবাবে এরশাদ বলেন, পরিস্থিতি যা হোক দেশে একটি সরকার ক্ষমতায় যাবে। সমর্থন দেয়া না দেয়া তখন দেখা যাবে। এর আগে বিদ্যানিকেতনের প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্যে এরশাদ বলেন, আমার স্বপ্ন ছিল ছাত্রদের রাজনীতি থেকে দূরে রাখা। সে স্বপ্ন পূরণ হয়নি। তবে দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে আমার সেই আশা একদিন পূরণ হবে। তিনি বলেন, ছাত্ররা পড়াশোনা শেষে করে তাদের পছন্দমত রাজনীতি করবে পেশায় নিয়োজিত হবে। এই ছিল আমার চাওয়া। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বনানী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক লে. কর্ণেল অব. মোহাম্মদ বশীরুদ্দীন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক উপ-কমিটির প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, সুনীল শুভরায়, ভাইস-চেয়ারম্যান খন্দকার আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পদক নুরুল ইসলাম নুরু প্রমুখ।