চলচ্চিত্র মুক্তির নতুন জোয়ারে অধিকাংশ নির্মাতা এখন আলাদা লগ্নিকারীদের পাশাপাশি স্যাটেলাইট চ্যানেলকেও তাদের অংশীদার করে নিচ্ছেন। গত কয়েকবছর ধরেই এই প্রবণতা বেড়েছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত রেদওয়ান রনি’র প্রথম চলচ্চিত্র চোরাবালিতে টিভি পার্টনার ছিল মাছরাঙা।
এছাড়া এটিএন বাংলা ও চ্যানেল আই দীর্ঘদিন ধরেই নিয়মিতভাবে চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছে। চলচ্চিত্র নির্মাণ করেছে এনটিভি ও বাংলাভিশন। স্যাটেলাইট চ্যানেলের চলচ্চিত্রে সম্পৃক্ততার ক্ষেত্রে এখন শুধু প্রমোশন পার্টনার নয়, বরং অর্থ লগ্নিও করছে চ্যানেলগুলো। এশিয়ান টিভি তাদের প্রযোজনায় এরই মধ্যে ‘পরবাসিনী’ ও ‘দেহরক্ষি’ নামের নতুন দুটি চলচ্চিত্র প্রযোজনা করছে।
এর বাইরে চ্যানেল নাইন তাদের প্রচারের শুরু থেকেই মোস্তফা কামাল রাজের পরিচালনায় চলচ্চিত্র ‘ছায়াছবি’ প্রযোজনা করছেন।
স্যাটেলাইট চ্যানেলের এই চলচ্চিত্র প্রযোজনায় আসা প্রসঙ্গে পরিচালক রাজ বলেন, এটা আমাদের জন্য বড় একটা সুসংবাদ। কারণ চলচ্চিত্রে উত্তরণের জন্য এখন দরকার বহুল প্রচার। যা একটি চ্যানেলের পক্ষেই সম্ভব। যে সুফলটা এরই ভেতরে আমার ‘ছায়াছবি’ চলচ্চিত্রের মাধ্যমে আমি পেতে শুরু করেছি।’
