রাঙ্গামাটির কাউখালী উপজেলায় এক মারমা কিশোরীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে অবিলম্বে জড়িত আসামিদের গ্রেফতার, সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রবিবার তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন তিন পার্বত্য জেলায় এ অবরোধের ডাক দেয়। রাঙ্গামাটি প্রতিনিধি ও মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতার পাঠানো খবর।
রাঙ্গামাটিতে গতকাল অবরোধের কারণে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন ও নৌযান চলাচল বন্ধ ছিল। রাস্তায় কোথাও পিকেটার না থাকলেও শহরের নিউমার্কেট চত্বরে অবরোধকারীরা পিকেটিং ও সমাবেশ করে। ৩ দফা দাবি সমাবেশে ঘোষণা করা হয়। দাবিগুলো হলো-পার্বত্য চট্টগ্রামের নারী ও শিশুদের ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা, নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে আইন সংশোধনসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং ধর্ষণ মামলার আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের ব্যবস্থা নেয়া। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে পিকেটিং করায় আতংকে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। নারী নেত্রীরা উপজেলার কিছু কিছু জায়গায় অবস্থান নিলেও পুলিশ বাধা দেয়ায় তারা তেমন পিকেটিং করতে পারেননি।
রাঙ্গামাটির কাউখালীর দুর্গম বড়ঢলু এলাকায় গত বছরের ২১ ডিসেম্বর এক মারমা কিশোরীকে দুর্বৃত্তরা শ্লীলতাহানির পর শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করলেও আরো ৩ অভিযুক্ত পলাতক রয়েছে।
