যৌন হয়রানি করলে মোবাইল কোর্টে তাত্ক্ষণিক বিচার :শিক্ষামন্ত্রী

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২২:১৭
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, সাজা হয় না বলে নারীকে যৌন হয়রানি করে যারা পার পেয়ে যাচ্ছে, তাদের আর রেহাই নেই। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের তাত্ক্ষণিক বিচার করে সাজা দেয়া হবে। গতকাল রবিবার রমনা বটমূলে যুব-শিক্ষার্থী ক্যাম্পেইনের সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন। স্টেপস টোয়ার্ডস ডেভেলপমেন্ট ও ঢাকা ডেভেলপমেন্ট ফোরাম যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে ‘পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে চলি-বন্ধ হোক যৌন হয়রানি, মুক্ত হোক পথের বাধা’- শ্লোগানে ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক সমাবেশে অংশগ্রহণ করে। সমাবেশে শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতার চল্লিশ বছরেও দেশে একটি মৌলিক পরিবর্তন আসেনি। অর্ধেক মানুষ এখনও নিরক্ষর এবং দারিদ্র্যসীমার নিচে বাস করে। এই অবস্থার পরিবর্তন করবে শিক্ষার্থীরা। তিনি বলেন, শিক্ষাসহ সকল ক্ষেত্রে নারী আজ এগিয়ে যাচ্ছে। আমাদের মেয়েরা আজ এভারেস্ট জয় করেছে। প্রাথমিক পর্যায়ে এ বছর মোট ৪৯ লাখ শিক্ষার্থীর মধ্যে ছেলে শিক্ষার্থীর চেয়ে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩০ হাজার বেশি এবং জেএসসিতে মোট শিক্ষার্থীর মধ্যে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার বেশি। দিনব্যাপী এই যুব-শিক্ষার্থী সমাবেশে দুইবার এভারেস্ট জয়ী এম. এ মুহিত, এভারেস্ট জয়ী প্রথম নারী নিশাত মজুমদার, জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য তিথি রানী সরকার, ঘুড়ি সোসাইটির সভাপতি বাবর আলী, জাতীয় রেসলিং ও কাবাডি দলের খেলোয়াড় শিরিন সুলতানা, জাতীয় মহিলা ফুটবল ও কাবাডি দলের খেলোয়াড় রেহানা পারভীনসহ বিভিন্ন ক্ষেত্রে সফল তরুণ-তরুণীরা যুব-শিক্ষার্থীদের উদ্দেশে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রঞ্জন কর্মকার, সৈয়দা রেহানা ইমাম প্রমুখ।