অনেকটা ফিল্মি স্টাইলের মতো নিজের দেহরক্ষীকে বিয়ে করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন থাই রাজা ভাজিরালংকর্ন। নিরাপত্তারক্ষী বাহিনীর উপ-প্রধানকে বিয়ে করে রানি ঘোষণা করেছেন তিনি। রাজপরিবার থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজা হিসেবে তার আনুষ্ঠানিক অভিষেকের মাত্র তিন দিন আগে বুধবার বিয়ে করে নতুন স্ত্রীকে রানি সুথিদা উপাধি দেন ভাজিরালংকর্ন। খবর বিবিসি ও রয়টার্সের
রাজকীয় এক ফরমানে রাজার নতুন বিয়ের কথা ঘোষণা করা হয়। পরে ওইদিন রাতে থাইল্যান্ডের টেলিভিশন চ্যানেলগুলোতে এ সংবাদ পরিবেশন করা হয়। ২০১৬ সালের অক্টোবরে রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর সাংবিধানিকভাবে রাজা হন তার ছেলে ভাজিরালংকর্ন। রাজা হয়ে তিনি রাজা দশম রামা উপাধি গ্রহণ করেন।
শনিবার সুবিস্তৃত বৌদ্ধ ও ব্রাহ্মণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজা হিসেবে মুকুট পরার কথা রয়েছে তার। অভিষেকের পরদিন রবিবার ব্যাংককের রাজপথে নতুন রাজার শোভাযাত্রা করারও কথা রয়েছে। ভাজিরালংকর্ন ২০১৪ সালে সুথিদা তিদজাইকে তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীতে নিয়োগ দেন। এর আগে তিদজাই থাই এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। রাজপরিবারের কিছু পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম সুথিদার সঙ্গে রাজার প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিলেও রাজার দপ্তর তাদের মধ্যে সম্পর্ক থাকার কথা আগে কখনো স্বীকার করেনি। ২০১৬ সালের ডিসেম্বরে রাজা ভাজিরালংকর্ন সুথিদাকে রাজকীয় থাই সেনাবাহিনীর পূর্ণ জেনারেল র্যাঙ্ক প্রদান করেন। পরের বছর তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডার করেন।
