চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় বিচারকদের সাক্ষ্য গ্রহণপর্বে গত রবিবার আদালতে সাক্ষ্য দেন সাবেক মহানগর ম্যাজিস্ট্রেট এবং বর্তমানে প্রেষণে পার্বত্য ভূমি কমিশনের সচিব হিসেবে কর্মরত মোহাম্মদ মাহবুবুর রহমান। এর আগে আদালতে সাবেক মহানগর ম্যাজিস্ট্রেট ওসমান গনির অসমাপ্ত সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। বর্তমানে রাঙামাটি জেলার যুগ্ম জেলা জজ হিসেবে কর্তব্যরত ওসমান গণি গত ৯ জানুয়ারি একই মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক এসএম মুজিবুর রহমানের আদালতে বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করা হয়।
সাক্ষ্য গ্রহণ শুরুর আগে মামলার আসামি তত্কালীন শিল্পমন্ত্রী মওলানা মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। সোমবার ও মঙ্গলবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য বিচারক সময় নির্ধারণ করেছেন।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ ইত্তেফাককে জানান, সাবেক মহানগর ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ ও কিরণ চন্দ্র, কনস্টেবল মহিউদ্দিন এ মামলায় সাক্ষ্য দেবেন। প্রসঙ্গত, ১০ ট্রাক অস্ত্র মামলায় বিচারকদের সাক্ষ্য গ্রহণ পর্বে গত ৮ ও ৯ জানুয়ারি আদালতে সাক্ষ্য দেন চাঁদপুরের সিনিয়র সহকারী জজ মুনতাসির আহমেদ এবং নোয়াখালী যুগ্ম জেলা জজ আবু হান্নান।
