জাতিসংঘের কালো তালিকায় পাকিস্তানের মাসুদ আজহার

আপডেট : ০২ মে ২০১৯, ২১:৫৩

চীন আপত্তি তুলে নেওয়ায় পাকিস্তানের জঙ্গি দল জইশ-ই-মোহাম্মদের (জেইএম) প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসীদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের একটি কমিটি বুধবার আজহারকে কালো তালিকাভুক্ত করে বলে কূটনীতিকদের বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এতদিন মাসুদ আজহারকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীনের আপত্তি ছিল। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন একে দেশটির বিশাল কূটনৈতিক জয় বলে বর্ণনা করেছেন। টুইটারে তিনি বলেন, “বড়, ছোট সবাই একজোট হয়েছে। জাতিসংঘ মাসুদ আজহারকে একজন সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞ।” জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অর্থ মাসুদ আজহারের সব ধন-সম্পদ জব্দ করা হবে। ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স মাসুদ আজহারের বিষয়ে নিজেদের অবস্থানের পরিবর্তন করতে বেইজিংকে চাপ দিয়েছিল বলে দাবি এনডিটিভির।