জাতীয় কৃষক জোট ৭ দফার দাবিতে আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে সারা দেশে মানববন্ধন, জনসংযোগ ও সমাবেশের কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। রবিবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ। এছাড়াও ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা-উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। আসন্ন ‘বোরো মৌসুম’ উপলক্ষে জাতীয় কৃষক জোটের উদ্যোগে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় কৃষক জোটের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন জাতীয় কৃষক জোটের সভাপতি ইকবাল হোসেন খান, সদস্য আজিজুর রহমান, সহ-সভাপতি সারওয়ার কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, সাংগঠনিক সম্পাদক রতন সরকার, কোষাধ্যক্ষ জিয়াউল হক মুক্তা, দফতর সম্পাদক হাছিনা আক্তার নাইনু, আন্তর্জাতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, নারী বিষয়ক সম্পাদক মোর্শেদা হাই, সমবায় সম্পাদক প্রদীপ কুমার রায় প্রমুখ।
