ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে এখনই ফেরত দিবে না বাংলাদেশ। গতকাল সোমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে সাক্ষরিত বহুল আলোচিত বহি:সমর্পণ চুক্তির আওতায়ও অনুপ চেটিয়াকে ফেরত দেয়া সম্ভব নয়। অনুপ চেটিয়া বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা হেফাজতে আছেন। সুনির্দিষ্ট অপরাধে তার সাজার মেয়াদ ২০০৫ সালে শেষ হয়। ২০০৮ সালে তিনি বাংলাদেশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চান। পাশাপাশি অনুপ চেটিয়া একটি মানবাধিকার সংগঠনের মাধ্যমে রাজনৈতিক আশ্রয়ের জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট মামলা করেন। মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর গতকাল বহি:সমর্পণ চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই চুক্তির আওতায় ঐ ব্যক্তির বিষয়টি পড়বে না। উচ্চ আদালতে রিট মামলা নিষ্পত্তির পর তার ব্যাপারটি দেখা যাবে। রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী কাউকে চুক্তি অনুযায়ী হস্তান্তর করার বিধান নেই।
