জেলার চৌদ্দগ্রামে দু’বোন গণধর্ষণ মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমিনুল ইসলামকে গতকাল সোমবার গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের বিষয়টি যথাসময়ে পুলিশকে অবহিত না করে সামাজিকভাবে মীমাংসার নামে ধর্ষকদের ছেড়ে দেয়ার অপরাধে চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউপির শিবের বাজার এলাকায় কবরস্থান সংলগ্ন বাগানে বালুতুপা গ্রামের গার্মেন্টসকর্মী দুই বোনকে গণধর্ষণ করা হয়। ঘটনাটি স্থানীয় পর্যায় মিমাংসার জন্য শিবের বাজারে গত ২১ জানুয়ারি সালিস বসে। ওইদিন বিষয়টির মিমাংসা না হওয়ায় ৩ দিন পর ২৪ জানুয়ারি পুনঃসালিসের দিন ধার্য করা হয়। খবর পেয়ে ঐ রাতেই ৫ জন ধর্ষককে আটক করে পুলিশ। পরদিন ঐ দুই বোনের পক্ষে তাদের ভাই বাদী হয়ে আটককৃত ৫ জনসহ ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় একটি রীট আবেদনের প্রেক্ষিতে গতকাল চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন হাইকোর্টে উপস্থিত হয়ে এ ব্যাখ্যা দেন।
চৌদ্দগ্রাম থানার ওসি ইত্তেফাককে জানান, গণধর্ষণের ঘটনার সাথে জড়িত আসামিদের হাতের নাগালে পেয়েও তাদেরকে গ্রেফতারের জন্য সহযোগিতা না করায় এবং ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিষয়টি সামাজিকভাবে মিমাংসার নামে সময়ক্ষেপণ করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।
