নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোঃ জাবেদ আলী বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) আগামী দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানে দু’ধরনের প্রস্তুতিই নিচ্ছে। সংসদ বহাল রেখে মেয়াদপূর্তির ৯০ দিন আগে অথবা ভেঙ্গে যাওয়ার ৯০ দিনের মধ্যে উভয় পরিস্থিতির জন্যই তারা প্রস্তুতি নিচ্ছেন। সোমবার শেরেবাংলা নগরস্থ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টির ক্ষেত্রে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী আইন অর্থাত্ গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (আরপিও) কিছুটা সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করার চেষ্টা করা হবে।
বিদ্যমান সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ বহাল রেখে নির্বাচন আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, এমপি পদ লাভজনক হলে সংসদ বহাল রেখে নির্বাচন করতে সমস্যা হবে। সেখানে বর্তমান এমপিরা আইনানুযায়ী প্রার্থী হতে পারবেন না। তারা মনোনয়নপত্র জমা দিলে তা বাতিল হয়ে যাবে। কারণ একটি লাভজনক পদে থেকে আরেকটি পদে নির্বাচনের সুযোগ নেই। তিনি বলেন, এমন পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া গত্যন্তর থাকবে না। তবে কমিশন এ ব্যাপারে আইনী লড়াইয়ে যাবে না। এমন পরিস্থিতি তৈরি হলে আইনী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে তিনি আশংকা প্রকাশ করেন। তিনি আরো জানান, এ বিষয়ে করণীয় নিয়ে বর্তমান কমিশনও চিন্তা-ভাবনা করছে। এছাড়াও তিনি মনে করেন, কোন দল বর্জন করলে নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে না।
