চরফ্যাশনে বিএনপি নেতার বাড়িতে হামলা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:৫৮

চরফ্যাশনের আছলামপুর ইউনিয়ন বিএনপির নেতা জামাল মেম্বারের বাড়িতে সোমবার সকালে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলাকারীরা দুইটি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করে বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলমের আগমন উপলক্ষে নেতাকর্মীরা জামাল মেম্বারের বাড়িতে সকালে বৈঠকে মিলিত হয়। এ সময় আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়ে বৈঠক পণ্ড করে দেয়।

অপরদিকে অপপ্রচারের অভিযোগে দুপুরে চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ভিপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

চরফ্যাশন থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।