চাঁদাবাজের গুলিতে নিহত ১

খাগড়াছড়িতে হরতাল আজ, রাঙ্গামাটিতে কাল

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২২:১৪
খাগড়াছড়ির মাটিরাঙ্গাস্থ ১০ নম্বর বটতলী এলাকায় গত শুক্রবার চাঁদাবাজদের গুলিতে এক ইটভাটা শ্রমিক নিহত এবং আরো দুইজন আহত হওয়ার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখা আজ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে। একই উপলক্ষে সংগঠনটির রাঙ্গামাটি শাখা নিজ জেলায় আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক আব্দুল মজিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানান হয়, সমগ্র পার্বত্য চট্টগ্রামে ‘উপজাতি সন্ত্রাসীরা’ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রতিনিয়ত পরিবহন সেক্টরসহ ব্যবসায়িক মহল থেকে ‘উপজাতি সন্ত্রাসীরা’ চাঁদা আদায় করছে। গত ২৫ জানুয়ারি মাটিরাঙ্গা উপজেলার ১০ নম্বর বটতলী এলাকায় ইটভাটায় চাঁদা না পেয়ে তারা গুলি করে একজনকে হত্যা এবং দুইজনকে আহত করে। এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জেলা সদরে সংগঠন জেলায় ৩০ জানুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে। তবে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মগুরু বনভান্তের প্রথম পরিনির্বাণ বার্ষিকী ৩০ জানুয়ারি হওয়ায় রাজ বনবিহারের উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের অনুরোধে রাঙ্গামাটি জেলায় ৩০ জানুয়ারির পরিবর্তে ৩১ জানুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল পালন করার সিদ্ধান্ত হয়েছে। এদিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন পার্বত্য অঞ্চলের সর্বস্তরের লোকজনকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি খাগড়াছড়ির মাটিরাঙ্গাস, ১০ নম্বর বটতলী এলাকায় চাঁদা না দেয়ায় ‘উপজাতীয় সন্ত্রাসীদের’ গুলিতে ইটভাটা শ্রমিক মো. ফারুক হোসেন নিহত এবং আবুল হোসেন ও শাহজাহান নামের অপর দুইজন আহত হন।