চিতলমারীতে সরকারি গাছ কাটার অভিযোগ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:৫৮

চিতলমারীতে সামাজিক বনায়নের রোপণকৃত গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় বনায়নের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

জানা গেছে, কলাতলা ইউনিয়নের মেলারখাল এলাকার আট কিলোমিটার এলাকা জুড়ে খালপাড়ের রাস্তার দুইপাশে সিরিজ, চাম্বলসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। এলাকার কতিপয় প্রভাবশালী এসব গাছ বিক্রি করে হাজার-হাজার টাকা লুফে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকার বনায়নের সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গাছ ব্যবসায়ী কালাম শেখ জানান, তিনি মেলারখাল এলাকা থেকে স্থানীয় ইউপি সদস্য আজাদ শেখের কাছ থেকে কয়েকটি গাছ কিনেছেন। গাছগুলো মালিকানাধীন বলে তিনি দাবি করেন।

ফরেস্ট অফিসার চিন্ময়মধু জানান, ওই সকল গাছের দায়িত্ব বন বিভাগের নেই। এর জন্য আমাদের কিছুই করার নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ জানান, বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।