রানীনগরে গ্রাম্য সালিশে সুদের টাকা আদায় করার নামে মারপিটে আমিনুল ইসলাম (৩২) নামের এক যুবক আহত হয়েছে। মঙ্গলবার পুলিশ ও সাংবাদিকের সহায়তায় গুরুত্বর আহত আমিনুল ইসলামকে রানীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার সরকাটিয়া গ্রামের ছোলায়মানের ছেলে আমিনুল ইসলাম একই গ্রামের আফতাব শেখের কাছ থেকে প্রায় ৪ বছর আগে সুদে ৫০ হাজার টাকা নেয়। প্রতি বছর ২৮ মণ ধান সুদ হিসেবে দেয়ার চুক্তি হয়। এ পর্যায়ে গত ৩ বছর ধরে ৬৭ হাজার টাকার সুদের ধান দিলেও চলতি বছর দিতে না পারায় ভূমিহীন আমিনুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যায়। মাসখানেক আগে বাড়িতে আসলে তাকে টাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় এবং পর পর দু’দফা গ্রাম্য সালিশ করে এক বছরে তিন কিস্তিতে তাকে দেয়ার রায় ঘোষণা করেন গ্রাম্য মাতব্বররা। সালিশের রায় মোতাবেক গত ২৫ জানুয়ারি প্রথম কিস্তির টাকা দেয়ার দিন ছিল। কিন্তু অভাবি আমিনুল ঠিক সময়ে টাকা দিতে পারেনি। আর টাকা দিতে না পারায় গত সোমবার রাতে আবারো গ্রাম্য সালিশের আয়োজন করা হলো। আবারো সে সময় প্রার্থনা করে। কিন্তু সমাজপতিরা তাকে সময় না দিয়ে বেদম মারপিট করে বাড়িতে রেখে আসে এবং চিকিত্সার জন্য একশ’ টাকা হাতে ধরিয়ে দেয়।
