সদর উপজেলার রামনাথ হাট এলাকায় প্রগতি কিন্ডার গার্টেন নামে এক বিদ্যালয়ের ১০ শতক জমি দখল করে আওয়ামী লীগ অফিস নির্মাণের অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ৯ জানুয়ারি স্কুলের ওই জমিতে মাটি ভরাটের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ২০নং রুহিয়া ইউনিয়ন শাখা, রুহিয়া, ঠাকুরগাঁও লেখা একটি সাইন বোর্ড স্থাপন করেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। এরপর স্কুল কর্তৃপক্ষ জমিটি রক্ষার জন্য ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও জেলা প্রশাসক, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ করে। কিন্তু ১৫ দিন অতিবাহিত হলেও প্রশাসন থেকে কোনো সহযোগিতা পায়নি বলে অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে ওই জমিতে এখনো মাটি ভরাটসহ অফিস নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন ওই নেতারা। দখল করা জমির ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জমিটি প্রগতি কিন্ডার গার্টেনের নয়। এটি রাস্তার জমি।’
