দিনাজপুরে এস.এন কলেজে প্রাক্তনদের মিলনমেলা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩৪
দিনাজপুরের ঐতিহ্যবাহী একটি কলেজ হলো সুরেন্দ্রনাথ কলেজ। সালটি ছিল ১৯৪৬ সাল। দিনাজপুরবাসীদের সমবেত প্রচেষ্টাতেই তদানীন্তন মুসলিম হোস্টেল ভবনেই এস.এন কলেজের যাত্রা শুরু হয়। প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন প্রখ্যাত দার্শনিক ড. গোবিন্দ চন্দ্র দেব। এই এস.এন কলেজটি প্রতিষ্ঠা করতে দিনাজপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তন্মধ্যে মওলানা আব্দুল্লাহেল বাকী, হাসান আলী, যতীন্দ্র মোহন সেন, নরেশ দাস গুপ্ত, সুরেশ চন্দ্র সেন, দুর্গা মোহন রায়, ডা. তারকেশ্বর চক্রবর্তী, হরিদাশ সেন, সৈয়দ তোজাম্মেল আলী, চন্দ্র কান্ত দাস, মির্জা কাদের বক্স প্রমুখের নাম উল্লেখযোগ্য। ১৯৫৪ সালের দিকে এস.এন কলেজ বালুবাড়ী নিমনগর এলাকায় নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়েছিল। ১৯৬৮ সালে সুইহারীতে নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার পরে এস.এন কলেজের সেই পুরান বিল্ডিংয়ে একটি বেসরকারিভাবে মহিলা কলেজের কার্যক্রম শুরু হয় এবং দিনাজপুরের ৫৬ জন বিদ্যোত্সাহী ব্যক্তির কাছ থেকে ৭০ হাজার টাকা অনুদান হিসাবে গ্রহণ করা হয়। বর্তমানে দিনাজপুরে সরকারি মহিলা কলেজটি ১৯৮৯ সালে সরকারিকরণ করা হয়। এই এস.এন কলেজেরই ১৯৪২ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ছাত্র/ছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রতি। দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানে আকর্ষণীয় পর্ব ছিল স্মৃতিচারণ অনুষ্ঠান। মিলন মেলাকে উপলক্ষ করে অনেক উপ-কমিটি গঠন করা হয়েছিল। এতে মিলন মেলার আহবায়ক ছিলেন দিনাজপুরের জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুস সামাদ চৌধুরী। প্রকাশনা কমিটির আহবায়কের দায়িত্বে ছিলেন দিনাজপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আ ন ম গোলাম রব্বানী। মিলনমেলার শুভ সূচনায় কলেজের প্রাক্তন কৃতী ছাত্র/ছাত্রীরা দিনাজপুরে শহরে বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিতে নেতৃত্ব দেন সাবেক প্রতিমন্ত্রী ও কলেজের প্রাক্তন ছাত্র সতীশ চন্দ্র রায়। বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে স্মৃতিচারণ। আর পাশাপাশি চলে সেই পুরান আড্ডা। প্রাক্তন ছাত্র/ছাত্রীদের বিশাল র্যালিটি যখন দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তখন হাজারও মানুষ করতালি দিয়ে প্রবীণদের অভিনন্দন জানায়। সমাপনী দিনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিলনমেলার আহবায়ক আজিজুল ইমাম চৌধুরী। উপস্থাপনায় ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র মোঃ মিজানুর রহমান লুলু। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম শিক্ষা,সাংস্কৃতিক ও ক্রীড়ামন্ত্রী মরহুম অধ্যাপক ইউসুফ আলী, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এটিএম আফজাল, বিচারপতি আব্দুল মালেক, কথা-সাহিত্যিক অধ্যক্ষ শওকত আলী, বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব আব্দুস সালাম, সাবেক সেনাপ্রধান জেনারেল মাহবুবুর রহমান, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা প্রয়াত সুভাস দত্ত, প্রাক্তন বিভাগীয় কমিশনার আজিরউদ্দীন আহমেদ, নাট্যব্যক্তিত্ব শাহজাহান শাহ্, বিশিষ্ট চিকিত্সক প্রয়াত ডা. কৈলাশ চন্দ্র রায় প্রমুখ এস.এন কলেজের প্রাক্তন ছাত্র। এই এস.এন কলেজের পূর্বে লর্ড রিপন শাখা কলেজের স্বনামধন্য অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছিলেন বিশিষ্ট শিক্ষাগুরু ক্ষীতিশ চন্দ্র ব্যানার্জি। কলেজের সে সময়কার শিক্ষকদের মধ্যে ছিলেন হাসমত উল্লাহ, এস গাংগুলি, অমরেন্দ্র সুন্দর ঠাকুর, ড. জিসি দেব প্রমুখ ব্যক্তিত্বরা। রিপন কলেজের পরে এস.এন কলেজ। এখন দিনাজপুর সরকারি কলেজ।