দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিশেষ করে নারী নির্যাতন ধর্ষণ যৌতুক ও এসিড নিক্ষেপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জন্টা ইন্টারন্যাশনাল ক্লাব ও উইমেন এন্টারপ্রিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) এর নেতৃবৃন্দ। তারা বলেছেন, নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। ধর্ষণকারী যেই হোক দ্রুত বিচারের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করতে হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জন্টা ইন্টারন্যাশনাল’ ও ‘ওয়েব’ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ সব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন, জন্টা ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট হাসনা জসীম উদ্দীন মওদুদ, ওয়েব এর প্রেসিডেন্ট নাসরিন আওয়াল মিন্টু। আরো বক্তব্য রাখেন, জন্টা’র সদস্য হোসনে আরা ইদ্রিস, মায়া কবীর, কাকলী ইসলাম ও জান্নাতুল ফেরদৌস। ওয়েবের পক্ষে উপস্থিত ছিলেন, অনিতা দাস গুপ্তা, সাহিদা বেগম প্রমুখ।
হাসনা জসীম উদ্দীন মওদুদ বলেন, সামগ্রীকভাবে যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয় তাহলে সমাজে এ ধরনের সহিংসতা ঘটতেই থাকবে। নারী নির্যাতন প্রতিরোধে এ সমাজ কার্যকর ভুমিকা রাখতে পারছে না উল্লেখ করে হাসনা বলেন, সরকার যতদিন পর্যন্ত ঘরে-বাইরে নারীদের নিরাপত্তা দিতে পারবে না, ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। নারীর প্রতি লাগাতার এই জঘন্য নির্যাতনের প্রতিবাদে আজ অনেক গৃহবধূ রাজপথে নেমে এসেছে, তারা ঘরে বসে থাকতে পারেনি। তিনি বলেন, আমাদের জন্টা ইন্টারন্যাশনাল ক্লাবের মূল প্রতিপাদ্যই হচ্ছে নারীর প্রতি নির্যাতন ও বৈষম্য দূর করা।
নাসরিন আওয়াল মিন্টু নারী নির্যাতন প্রতিরোধের আন্দোলনে পুরুষদের সম্পৃক্ত করার আহবান জানিয়ে বলেন, ধর্ষণ শুধু নারী নয়, পুরো মানব জাতির বিরুদ্ধে অমার্জনীয় অপরাধ। একে রুখতে এখনই রুখতে হবে।
