সংবিধান সংশোধন করে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান হয়। নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ সরকার কোনোভাবেই ‘শান্তি চুক্তি’ বাস্তবায়নে আন্তরিকতা ও রাজনৈতিক দায়বদ্ধতা দেখাচ্ছে না। এ চুক্তি বাস্তবায়নের ভেতর দিয়েই পার্বত্য চট্টগ্রামের অনেক সমস্যার রাজনৈতিক সমাধান হওয়া সম্ভব। রাষ্ট্রকে এই চুক্তি দ্রুত বাস্তবায়ন করে আদিবাসীদের সমস্যা নিরসনেরও দাবি জানান তারা। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশনের দাবির পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ ও দেশব্যাপী আদিবাসীদের ওপর নিপীড়ন-নির্যাতন বন্ধ করার দাবিও জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য দীপায়ন খীসা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ত্রিজিনাদ চাকমা, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঢাকা মহানগর শাখার সভাপতি সবুজ নকরেক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আদিবাসী স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি রাকসেং মানখিন, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক মনি চাকমা, সংগঠনটির সভাপতি পারী চিংথাম, সাধারণ সম্পাদক অনন্ত ধামাই প্রমুখ।
