পাকিস্তানের আগামী অন্তর্বর্তীকালীন সরকারে অবসরপ্রাপ্ত জেনারেল এবং বিচারকদের না রাখার ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, সরকার গণতন্ত্র বিরোধী শক্তি সম্পর্কে সচেতন আছে এবং তাদের যে কোন প্রচেষ্টা সরকার নস্যাত্ করে দেবে। খবর ডনএর।
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক সিনিয়র নেতা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী এবং প্রাদেশিক মুখ্যমন্ত্রী পদে তারা অবসরপ্রাপ্ত জেনারেল কিংবা বিচারকদের মানবেন না। আগামী মাসের মাঝামাঝি জাতীয় এবং প্রাদেশিক পরিষদ ভেঙ্গে দেয়া এবং মে মাসের মাঝামাঝি একই দিনে জাতীয় ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠানের সোমবার দলটির এক সভায় এ ব্যাপারে আলোচনা হয়। তবে পিপিপি নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম দল পাকিস্তান মুসলিম লীগ (কিউ) নেতা চৌধুরী সুজাত হোসাইন জানিয়েছেন, ১৫ মার্চের আগে উভয় পরিষদ ভেঙ্গে দেয়া হবে। পাঞ্জাব প্রাদেশিক পরিষদের মেয়াদ অন্যসব প্রদেশের পরে শেষ হবে। পিপিপি নেতা জানান, নির্বাচন দেরিতে অনুষ্ঠানে তাদের দলের কোনো স্বার্থ নেই। গরম আবহাওয়া এবং লোডশেডিংয়ের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে চলতি সপ্তাহে বিরোধী পাকিস্তান মুসলিম লীগ (এন) এর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান ওই নেতা।
সভায় প্রস্তাবিত বাহাওয়ালপুর জানোবি প্রদেশের নাম পরিবর্তন করে বাহাওয়ালপুর সেরেইকি নামে করার প্রস্তাব করা হয়। দলটি নতুন প্রদেশ সৃষ্টিতে একটি সংসদীয় কমিশন গঠনের ব্যাপারে বিল আনার ব্যাপারে প্রস্তাব দেবে। আজ বৃহস্পতিবার এ বিলটি মন্ত্রিপরিষদের সভায় উত্থাপন হতে পারে। নতুন প্রদেশ সৃষ্টিতে বিরোধী দলকে রাজি করাতে পারলে সেটি পিপিপি’র জন্য একটি রাজনৈতিক বিজয় হবে বলে উল্লেখ করেন ওই নেতা।
