বাংলা একাডেমীর মেলা কমিটির সদস্য সচিব শাহিদা খাতুন বলেছেন, এবার মেলায় নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে। রাজনৈতিক দলের কোন সংগঠনকেই এবার কোন স্টল বরাদ্দ দেয়া হয়নি। বইমেলাকে শুধু প্রকাশকদের মেলায় পরিণত করতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মেলার নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, কঠোরভাবে তা অনুসরণ করা হবে। ডোরেমন, পোকেমনসহ বিভিন্ন পাইরেট ও নেট বই প্রথম দিন থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। মেলার নিরাপত্তা বিষয়ে শাহিদা খাতুন বলেন, অন্যান্যবারের তুলনায় এবারের নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা গতবারের থেকে বাড়িয়ে ৬৪টিতে উন্নীত করা হয়েছে। এছাড়া র্যাব-পুলিশ যৌথভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবে।
তিনি আরো বলেন, বাংলা একাডেমীর উল্টোদিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভাঙ্গা বাউন্ডারিটি দেয়া প্রসঙ্গে আন্ত:মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পিডব্লিউডি বাউন্ডারি দেয়ার কাজ শুরু করেছে। ইতোমধ্যে অনেকগুলো পিলার স্থাপন করা হয়েছে। যদি আজকের মধ্যে তারা কাজ সম্পন্ন করতে না পারে, তাহলে বাংলা একাডেমী নিজ উদ্যোগে টিন দিয়ে ওই বাউন্ডারি দেয়ার ব্যবস্থা নেবে। আর রাস্তার মধ্যে যেসব ইট-বালু-সুরকি রয়েছে তা সরিয়ে নেবে।
তিনি বলেন, এ মুহূর্তে আমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নিরলস কাজ করছি। পহেলা ফেব্রুয়ারি বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। বিষয়টি মাথায় রেখে প্রস্তুতির যাবতীয় কাজ সম্পন্ন করছি।
