বিএনপি’র সমন্বয়কারী তরিকুল ইসলাম বলেছেন,একদলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকার জন্য পুলিশ ও সরকারি কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। এতে কোনো লাভ হবে না। অতীতে কোনো স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনারাও পারবেন না। গণজোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা গণপরিষদ আয়োজিত ‘মজলুম জননেতা মওলানা ভাসানী ও বাঙালির ইতিহাস বিকৃতির ইতিহাস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাষা সৈনিক আবদুল মতিন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ বক্তব্য রাখেন।
