চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলা ৯নং গন্তর্ব্যপুর ইউনিয়নের এনায়েতপুর-ডাটরা সড়কের রাজ নারায়ণ খালের ওপর নবনির্মিত সেতুটি পরিদর্শন করেছেন দুদকের কুমিল্লা আঞ্চলিক বিভাগের কর্মকর্তারা। মঙ্গলবার পরিদর্শন শেষে দুদকের কুমিল্লা আঞ্চলিক বিভাগের সহকারী পরিচালক মো. মাহতাবউদ্দিন বলেছেন, খুব শিগগির সেতুটি নির্মাণে গাফিলতির বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন ঢাকা দুদকের প্রধান কার্যালয়ে প্রেরণ করবেন। এদিকে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী বিভাগ থেকে সেতুটি নির্মাণকারী প্রতিষ্ঠান চাঁদপুরের হায়দার ট্রেডার্সকে দু’বার শোকজ করা হয়। হাজীগঞ্জ উপজেলা প্রকৗশলী মো. রাহাত আমিন পাটওয়ারী বলেন, সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান হায়দার ট্রেডার্সকে দুইটি শোকজ করা হয়। যথাসময়ের মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ না করায় আগেই একটি শোকজ করা হয়। এছাড়াও গত ২৬ এপ্রিল সেতুতে ফাটল দেখা দেয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মবহির্ভূত কাজ করায় আরো একটি শোকজ করা হয়।
সহাকারী প্রকৌশলী মো. জাহিদ হোসেন বলেন, সাড়ে ১২ ইঞ্চির উপর আরো ২.৫ ইঞ্জিঃ ওয়ারিং কোর্স ঢালাই দেয়া হয়। ওই ওয়ারিং কোর্সের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে ফাটল সৃষ্টি হয়। ওইসময় ৪৫ মিনিট পরপর পানি দেয়ার কথা থাকলেও ২৪ ঘণ্টার মধ্যে কোনো পানি না দেয়ায় সমস্যা সৃষ্টি হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে শোকজ করা ও ফাটল মেরামত করে দেয়া হয়েছে। এখানে সিমেন্ট ব্যবহারের এস্টিমেট অনুযায়ী দেয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ঠিকাদার প্রথমে পুরাতন সেতুর মালামাল নতুন সেতুতে দিতে চাইলে প্রকৌশলী বিভাগ ও এলাকাবাসীর হস্তক্ষেপে নতুন ইট ব্যবহার করা হয়। সেতুটি ভাঙতে লেগেছে দুইমাস। এখন নতুন সেতু করতেও প্রায় দুই মাস সময় লাগবে। এতে জনদুর্ভোগ বেড়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুদকের কুমিল্লা আঞ্চলিক বিভাগের সহকারী পরিদর্শক মো. মোফাজ্জল হায়দার ও আনোয়ারুল মাসুদ, হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, সহকারী প্রকৌশলী মো. জাহিদ হোসেন প্রমুখ।
