আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল জলিল এমপি বলেছেন, হরতাল এখন আমাদের জাতীয় সমস্যা। এটা বন্ধে জাতীয় চেতনার উন্মেষ ঘটাতে হবে। জাতীয় ঐকমত্য গঠন করতে হবে। রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা ধ্বংসাত্মক রাজনীতি হরতাল প্রত্যাহার করি। হরতালের পরিবর্তে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রতিবাদের নতুন কোনো পদ্ধতি চালু করি।
গতকাল বুধবার দুপুরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ নাগরিক সেবা সংঘ আয়োজিত ‘হরতাল মুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আব্দুল জলিল বলেন, রাজনীতিতে প্রতিবাদের অনেক ভাষা রয়েছে। কিন্তু এ অঞ্চলের মানুষের কাছে প্রতিবাদের ভাষা ছিল হরতাল। তবে হরতাল এখন মানুষের কাছে গ্রহণযোগ্য কোনো বিষয় নয়।
আবাহনী লিমিটেডের চেয়ারম্যান শেখ মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক একাডেমীর সভানেত্রী নাসিমা আক্তার লাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর শাখার যুগ্ম আহ্বায়িকা ফাতেমা জামান সাথী, সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম সম্রাট প্রমুখ।
