মেহেরপুরে কাউন্সিলর হত্যাকাণ্ডে সাতজনের নামে মামলা :আটক ১

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:১৫
মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুলের স্ত্রী বেলি বাদি হয়ে ৭ জনসহ অজ্ঞাত আরো ৬/৭জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারভুক্ত আসামি পেরেশানকে আটক করে জেলে পাঠিয়েছে। এদিকে যুবলীগের ৩ নেতার নামে মামলা হওয়ায় জেলা যুবলীগের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে নিহত কাউন্সিলর বিপুল স্মরণে পৌরসভার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পৌরসভা প্রাঙ্গণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মামলায় মেহেরপুর শহরের মল্লিকপাড়ার সদরুল আনামের ছেলে সাজ্জাদুল আনাম, কাঁসারিপাড়ার মরহুম আব্দুল হান্নানের ছেলে শহিদুল ইসলাম পেরেশান, পেঁয়াদাপাড়ার আব্দুল হালিমের ছেলে মাহফিজুর রহমান রিটন, একই এলাকার নূর ইসলামের ছেলে লিখন, ত্যালার ছেলে মাহফুজ, আবুল কাশেমের ছেলে আরিফ ও মণ্ডলপাড়ার হেকমতুল্লাহর ছেলে ইয়ানুচকে আসামি করা হয়েছে। এদিকে বিপুল হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম ও কোষাধ্যক্ষ মাহফিজুর রহমান রিটন ও সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশানকে আসামি করার প্রতিবাদে মেহেরপুর জেলা যুবলীগ নানা কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান এবং আজ শুক্রবার শহরে বিক্ষোভ মিছিল। আব্দুল্লাহ আল মামুন বিপুল স্মরণে বৃহস্পতিবার মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণের দোয়া মাহফিলে পৌর মেয়র আলহাজ মো. মোতাচ্ছিম বিল্লাহ মতু সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনি, কাউন্সিলর ফয়েজউদ্দিন, আল মামুন, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ ইনতাজ, রিয়াজতুল্লাহ, মো. আব্দুল্লাহ বিন হাশেম ওরফে কামরুল, মনোয়ারা খাতুন, বেদানা খাতুন, মনোয়ারা বেগম, পৌর সচিব হারেচ উদ্দিন, পৌর কর্মচারি ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, আবু ওবাইদুল্লাহ সোনা প্রমুখ। এর আগে মেহেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা ২ ঘন্টা কলম বিরতি পালন করেন। উল্লে¬খ্য, গত সোমবার রাতে বিপুল শহরের একটি শোকাহত বাড়িতে গেলে মুখোশ পরিহিত কয়েকজন সন্ত্রাসী বিপুলকে লক্ষ্য করে কয়েক রাউণ্ড গুলি করলে তিনি মারা যান।