যশোরের কেশবপুরের কায়েমখোলার কুড় বিলের ঘের থেকে মালিককে উচ্ছেদে জহুরুল বাহিনীর তাণ্ডব চালিয়েছে। প্রকাশ্য দিবালোকে জহুরুল ও তার সন্ত্রাসী বাহিনী ঘেরে প্রবেশ করে ঘেরের টঙঘর ভাংচুরসহ ঘেরে থাকা ৫টি স্যালো মেশিন লুট করে।
জানা গেছে, সুফলাকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের দেলোয়ার হোসেন রাসেল ৫ বছর মেয়াদে গত ২৯ আগস্ট কায়েমখোলা কুড় ঘেরের ১৬০ বিঘা জমি লিজ নিয়ে মাছ চাষ করেন। এরই ফাঁকে এলাকার সুযোগ সন্ধানী নারায়ণপুর গ্রামের মৃত হাশেম মোড়লের ছেলে সন্ত্রাসী জহুরুল ইসলাম বিভিন্ন সময়ে ঘেরটি জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা করে আসছিলো। এক পর্যায়ে গত ২৮ জানুয়ারি দুপুরে জহুরুল, সাইফুল, মনিরুল, জুনায়েদ, পলাশ, বিল¬লালসহ সন্ত্রাসীরা টঙঘর ভাংচুরসহ ঘেরে থাকা ৫টি স্যালো মেশিন লুট করে। যার ক্ষতির পরিমাণ ২ লক্ষাধিক টাকা। এ ঘটনায় ঘের মালিক হাড়িয়াঘোপ গ্রামের দেলোয়ার হোসেন রাসেল ৩০ জানুয়ারি আদালতে মামলা করেছেন। ম্যাজিস্ট্রেট কেশবপুর আমলী আদালত অভিযোগটি আমলে নিয়ে কেশবপুর থানার ওসিকে নিয়মিত মামলা নেয়ার নির্দেশ প্রদানসহ লুটকৃত স্যালো মেশিন উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট প্রদান করেছেন।
